
রাজা দে, থিয়েটার মগজ পত্রিকা, দত্তপুকুর : সম্প্রতি দত্তপুকুর দৃষ্টি নাট্য সংস্থার উদ্যোগে 'দৃষ্টি'র নিজস্ব শিল্প চর্চা কেন্দ্র শিল্পশালায় আয়োজিত হল ৩ দিন ব্যাপি এক অভিনব নাট্য কর্মশালা। গত ৫ই জুন, শুক্রবার বিশ্ব পরিবেশ দিবসের দিন কর্মশালায় অংশগ্রহণকারী শিশু ও তাদের অবিভাবকদের উপস্থিতিতে বৃক্ষরোপণের মাধ্যমে এবারের এই নাট্য কর্মশালাটি শুরু হয় এবং কর্মশালাটি চলে গত ৭ই জুন, রবিবার পর্যন্ত। প্রতিদিন বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত প্রায় ৫০ জন বিভিন্ন বয়সের শিশুদের অংশগ্রহণে মুখরিত ছিল 'দৃষ্টি'র শিল্পশালা। এই কর্মশালায় নাটকের বিভিন্ন কারিগরি দিক গুলি শিশুদের সামনে তুলে ধরা হয়। এবারের এই নাট্য কর্মশালাতে আমন্ত্রিত প্রশিক্ষক হিসেবে ছিলেন মছলন্দপুর ইমন মাইম সেন্টারের কর্ণধার মাননীয় শ্রী ধীরাজ হওলাদার মহাশয়। এছাড়াও সহযোগী হিসেবে ছিলেন অদ্রীশ রায়, সুকান্ত পাল, ঐশী ভট্টাচার্য্য, অহনা দাস, গার্গী ভট্টাচার্য্য সহ দলের অন্যান্য নাট্যকর্মীরা।
এধরণের নাট্য কর্মশালার আয়োজন দত্তপুকুর "দৃষ্টি" এর আগেও বহুবার করেছে এবং সকলেই এই সংস্কৃতিমূলক কাজকে সাধুবাদ জানিয়েছেন, বিশেষ করে কর্মশালায় অংশগ্রহণকারী শিশুদের অবিভাবকেরা দত্তপুকুর দৃষ্টির এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন, তাঁদের মতে পড়াশোনার সাথে সাথে এইরকমের নাট্যচর্চা তাঁদের সন্তানদের মধ্যে সুস্থ সংস্কৃতির বিকাশ ঘটাবে।
নাট্য কর্মশালার শেষ দিন অর্থাৎ রবিবার দত্তপুকুর 'দৃষ্টি'র পক্ষ থেকে কর্মশালায় অংশগ্রহণকারী প্রত্যেকের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয় এবং এর সাথেই দত্তপুকুর দৃষ্টির কর্ণধার মাননীয় শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য্য মহাশয় ঘোষণা করেন যে আগামী জুলাই মাস থেকে 'দৃষ্টি'র তত্ত্বাবধানে একটি নিয়মিত নৃত্য প্রশিক্ষণের আয়োজন তাঁরা করছেন এবং এই মর্মে সকল উৎসাহী ও আগ্রহী শিল্পপ্রেমী মানুষদের তিনি 'দৃষ্টি'র সাথে যোগাযোগের জন্য অনুরোধ করেছেন।



