Sunday, 19 April 2026

আলোর পাখি'র ২৫ শে পা


 রাজা দে, থিয়েটার মগজ পত্রিকা : ১লা বৈশাখ ১৪৩৩ ইংরেজির ১৫ই এপ্রিল ২০২৬, বুধবার, "আলোর পাখি-দত্তপুকুর" নাট্য সংস্থা ২৫ বছরে পা রাখলো। এই উপলক্ষ্যে 'দত্তপুকুর কলাভবনে' আয়োজন করা হয়েছিল সারাদিন ব্যাপি নানা রঙের অনুষ্ঠান। অনুষ্ঠান শুরু হয় বিকেল ৩টের সময়। 'একক নাটক প্রতিযোগিতা'র মধ্য দিয়ে। মোট আটটি নির্বাচিত দলকে নিয়ে এই প্রতিযোগিতাটি হয়। জুরিদের বিচারে প্রতিযোগিতায় প্রথম শ্রেষ্ঠ প্রযোজনার পুরস্কার পায় চন্দননগর 'জাগরণ নাট্য সংস্থা' প্রযোজিত, শ্রী বরুণ রায় রচিত, নির্দেশিত ও অভিনিত "অসুখ" নাটকটি।কুমারী দেবলীনা সরকার অভিনিত  "বেহুলা ভাসান" নাটকটি দ্বিতীয় শ্রেষ্ঠ পুরস্কার লাভ করে। কবি সব্যসাচী দেবের কবিতা অবলম্বনে নাট্যরূপ ও নির্দেশনায় ছিলেন শ্রী প্রণয় বিশ্বাস, প্রযোজনায় 'গাঁড়াপোতা শপ্তক'। তৃতীয় শ্রেষ্ঠ পুরস্কার পান সৌমেন মান্না। অজিতেশ বন্দ্যোপাধ্যায় নাট্যরূপায়িত ও সত্যজিৎ প্রামানিক নির্দেশিত, পূর্বপুটিয়ারি কলকাতা নাট্যজন প্রযোজিত, নাটক  "নানা রঙে দিন"।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল সেমিনার। যার বিষয় ছিল "থিয়েটারের জন্য দর্শক, নাকি দর্শকের জন্য থিয়েটার"। আলোচক হিসাবে উপস্থিত ছিলেন প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব তথা গোবরডাঙ্গা নকসা নাট্য সংস্থার কর্ণধার শ্রী আশিস দাস, নাট্যকার তথা নাট্য বিশ্লেষক শ্রী প্রদীপকুমার নাথ ও নাট্য সমালোচক শ্রী সুশীল সাহা মহাশয়। থিয়েটার ও দর্শকের মধ্যে যে সুনিবিড় বন্ধন তা সুষ্পষ্ট করেন বক্তারা। থিয়েটারের টানেই দর্শকেরা আসেন। প্রাগৈতিহাসিক যুগ থেকে বর্তমান সময় পর্যন্ত এই একই চিত্রের শুধু রূপ বদলাচ্ছে, এই দাবি নিয়ে তথ্যবহুল আলোচনা করেন আলোচক শ্রী প্রদীপকুমার নাথ। শ্রী আশিস দাস, সহজ সরল ভাবে তার বক্তব্যে থিয়েটার ও দর্শক সম্পর্ক নিয়ে সুবক্তব্য পেশ করেন। শ্রী সুশীল সাহা বলেন, 'থিয়েটার' ও 'দর্শক' এই দুইটি বিষয় হল একটি আরেকটির পরিপূরক।  বিশিষ্ট আবৃত্তিকার, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ পাঠিকা শ্রীমতি স্বপ্না দে'র অসাধারণ সঞ্চালনায় সেমিনারটি আরও প্রানময় হয়ে ওঠে।

অনুষ্ঠানের অন্তিম পর্বে ছিল 'গোবরডাঙ্গা নকসা' প্রযোজিত দীপান্বিতা দাস রচিত ও নির্দেশিত নাটক "বিউটিফুল মাসি"। একক অভিনয়ে ভূমিসুতা দাস তাঁর অভিনয় প্রতিভার দাগ রেখে গেলেন। নিম্নবর্গের মানুষজন ও ভারতের ভূমিপুত্রদের উপর যে অত্যাচার যুগ যুগ ধরে চলে আসছে তার বিরুদ্ধে প্রতিবাদে গর্জে ওঠার নাটক "বিউটিফুল মাসি। সমাজ, রাজনীতিকে নিয়ে অসাধারণ এক প্রহসন। বাংলা থিয়েটারের উজ্জ্বল নক্ষত্র হতে চলেছে 'ভুমিসূতা', তারই ইঙ্গিত আজ পেলেন দর্শকরা।

এই অনুষ্ঠান উপলক্ষ্যে এলাকার সাধারণ মানুষের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। পূর্ণ পেক্ষাগৃহে তাদের উজ্জ্বল উপস্থিতি ও নাটক সম্পর্কে কৌতুহলে আলোর পাখির সমস্ত সদস্য সদস্যারা আনন্দিত ও অনুপ্রাণিত। আলোর পাখি'র আশা আগামীর পথে পথে আলোর স্রোতে পাল তুলবে আরও হাজার হাজার প্রজাপতি।





দত্তপুকুর দৃষ্টি নাট্য সংস্থার উদ্যোগে শিক্ষক দিবস

রাজা দে, থিয়েটার মগজ পত্রিকা, দত্তপুকুর : গত ৬ই সেপ্টেম্বর রবিবার দত্তপুকুর দৃষ্টি নাট্য সংস্থার উদ্যোগে শিক্ষক দিবস পালিত হলো "দৃষ্টি...