রাজা দে, থিয়েটার মগজ পত্রিকা : লালগোলা নাট্যসৃজনের আয়োজনে গত ৪ এপ্রিল ২০২৬ বহরমপুর রবীন্দ্রসদনে অনুষ্ঠিত হল ১০ম বর্ষ লালগোলা নাট্যোৎসব। ওইদিন সন্ধ্যায় মঞ্চস্থ হয় দুটি নাটক। সত্যজিৎ পালের নির্দেশনায় লালগোলা নাট্যসৃজনের নিজস্ব প্রযোজনা 'ভাড়াটে হইতে সাবধান' এবং প্রেমাংশু রায়ের নির্দেশনায় বালিগঞ্জ স্বপ্নসূচনার প্রযোজনা 'বিষমূল'। 'ভাড়াটে হইতে সাবধান' একটি হাসির এবং প্রাসঙ্গিক নাটক । অপরদিকে প্রেমাংশু রায়ের নির্দেশনায় এবং বিষমূল একটি সমসাময়িক ধর্মীয় প্রেক্ষাপটের উপর নাটক,যেখানে মূলত দেখানো হয়েছে আগে মনুষ্যত্ব তারপর ধর্ম। লালগোলা নাট্যসৃজনের পক্ষ থেকে সত্যজিৎ পাল বলেন, "এবারে আমাদের দশম বর্ষ। আমরা ২০১৬ সাল থেকে এই নাট্যোৎসবের আয়োজন করে আসছি। এছাড়াও বছরের বিভিন্ন সময়ে আমরা নাট্যসন্ধ্যা ও নাটক বিষয়ক নানান কার্যকলাপ করে থাকি। এবছর আমরা আমাদের বাৎসরিক অনুষ্ঠান (নাট্যোৎসব) দুটো পর্বে করছি। এটি ছিল আমাদের প্রথম পর্বের অনুষ্ঠান। আগামী জুলাই অথবা অগস্ট মাসে দ্বিতীয় পর্বের অনুষ্ঠান হবে লালগোলাতেই।
আমরা মূলত সামাজে ঘটে চলা নানান ঘটনাকেই মঞ্চস্থ করি, নাটকের মধ্যে সমাজে ঘটে চলা নানান বিষয়কে মানুষের সামনে নিয়ে আসি।। এখন মানুষ ব্যস্ত সময়ে হাসতে ভুলে গিয়েছে। আমরা তাই আমাদের এই নাটকের মধ্যে দিয়ে মানুষকে হাসির খোরাক দেওয়ার চেষ্টা করেছি। বাড়ির ভাড়াটিয়া এবং বাড়ির মালিকসহ আরও বেশ কিছু প্রতিবেশীদেরকে নিয়ে হাস্যরস পরিবেশিত এই নাটকে। এবারে আমাদের নাটকে আমন্ত্রিত ছিলেন বালিগঞ্জ স্বপ্নসূচনা নাট্যদল। তাঁরা বিষমূল নাটক মঞ্চস্থ করেন।" ভাড়াটে হইতে সাবধান' নাটকে অভিনয় করেন শান্তিময়ের চরিত্রে রাহুলদেব ঘোষ,নিশীথ ব্যানার্জীর চরিত্রে অর্ণব ভট্টাচার্য,প্রাণকিশোরের চরিত্রে অনিরুদ্ধ ভট্টাচার্য, তরুণের চরিত্রে অলক মন্ডল,রমানাথের চরিত্রে অরুণ কুমার দাস এবং অ্যাটমের চরিত্রে কিঞ্জল দাস,আবহ নিয়ন্ত্রণে আলমগির সেখ,আলো শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায়, আলোক নিয়ন্ত্রণে শ্রবণ সাহা। এই নাটকে প্রত্যেকের অভিনয় দর্শকদের মন জয় করেছে।
বালিগঞ্জ স্বপ্নসূচনা নাট্য দলের কর্ণধার বিজয় মুখোপাধ্যায় বলেন, "ধর্মের ঊর্ধ্বে যে মানুষ আমরা আমাদের নাটকে সেটাই দেখাতে চেয়েছি। ধর্ম সাম্প্রতিক সময়,প্রেম এবং তার পরিণতি নিয়েই এগিয়েছে আমাদের নাটক। দুই ভিন্ন ধর্মের মানুষের প্রেম ও তাদের দেখানো হয়েছে আমাদের এই নাটকে।"


