Thursday, 21 May 2026

"বহরমপুর গাঙচিলের ‘সামার ক্যাম্প’ ২০২৬ , রোদ্দুরে নাটকের রঙ"

রাজা দে, থিয়েটার মগজ পত্রিকা, বহরমপুর :  ​গত ১০ থেকে ১২ মে, ২০২৬—এই তিন দিন বহরমপুরের স্বর্ণপ্রদীপ কলা স্পন্দন (পি.সি.চন্দ্র জুয়েলার্স বিল্ডিংয়ের দ্বিতীয় তল) সেজে উঠেছিল এক ভিন্ন মেজাজে। বহরমপুর গাঙচিল আয়োজিত তিন দিনের ‘সামার ক্যাম্প’-এ মেতে উঠেছিল ৭ থেকে ১৭ বছর বয়সী ছোটরা। চারুকলার অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম থিয়েটারের আঙিনায় শৈশবকে নতুন করে চেনার এক অনন্য সুযোগ হয়ে দাঁড়িয়েছিল এই কর্মশালা। 

​পুরো কর্মশালাটি অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করেন রাহুল দেব ঘোষ এবং গাঙচিলের সদস্য,সদস্যরা। প্রথম দুই দিন খুদে শিক্ষার্থীরা থিয়েটারের প্রাথমিক ব্যাকরণ ও খুঁটিনাটি সম্পর্কে হাতে-কলমে শিক্ষা নেয়। তাদের এই যাত্রায় মেন্টর হিসেবে পাশে ছিলেন ডঃ স্বাতী দাস, অলোক বিশ্বাস, প্রেমাঙ্কুর ভট্টাচার্য এবং প্রদীপ মন্ডল-এর মতো গুণী ব্যক্তিত্বরা। বড়দের অভিজ্ঞতার ঝুলি থেকে ছোটরা কুড়িয়ে নেয় সৃজনশীলতার নানান উপকরণ। সমাপনী দিনের মূল আকর্ষণ ছিলেন প্রখ্যাত অভিনেতা ও নির্দেশক শ্রী সন্দীপ ভট্টাচার্য। তাঁর বিশেষ অভিনয় ক্লাসে শুধু শিশুরাই নয়, উপস্থিত বড়রাও যেন ক্ষণিকের জন্য ফিরে গিয়েছিলেন তাঁদের ফেলে আসা শৈশবে। তাঁর প্রাণবন্ত শিক্ষা পদ্ধতি উপস্থিত সকলের মনে এক দীর্ঘস্থায়ী ছাপ ফেলে যায়।

​তিন দিনের এই নিবিড় অনুশীলনের পর ক্যাম্পের শেষ লগ্নে খুদে সদস্যরা পরিবেশন করে চমৎকার সব সাংস্কৃতিক অনুষ্ঠান। তাদের উচ্ছ্বাস আর সৃজনশীলতা প্রমাণ করে দিয়েছে যে, সঠিক মঞ্চ পেলে আগামী দিনের প্রতিভারা কতটা উজ্জ্বল হতে পারে। সামার ক্যাম্প শেষ হলেও গাঙচিলের পথচলা থেমে থাকছে না। আগামী জুন মাস থেকে প্রতি রবিবার ছোটদের জন্য নিয়মিত নাটকের ক্লাস শুরু হতে চলেছে। পাশাপাশি, আগামী ডিসেম্বর মাসে তারা আয়োজন করতে চলেছে পাঁচ দিনের একটি বিশেষ কর্মশালা।

দত্তপুকুর দৃষ্টি নাট্য সংস্থার উদ্যোগে শিক্ষক দিবস

রাজা দে, থিয়েটার মগজ পত্রিকা, দত্তপুকুর : গত ৬ই সেপ্টেম্বর রবিবার দত্তপুকুর দৃষ্টি নাট্য সংস্থার উদ্যোগে শিক্ষক দিবস পালিত হলো "দৃষ্টি...