নিজস্ব প্রতিনিধি : তরুণ তুর্কি নাট্যদল গোবরডাঙ্গা আকাঙ্ক্ষা নাট্য সংস্থার উদ্যোগে গত ১৩ মে থেকে ১৬ মে পর্যন্ত সংস্থার নিজস্ব ‘উপাসনা’ নাট্যগৃহে আয়োজিত হয় চারদিনব্যাপী নাট্য কর্মশালা। নাট্যচর্চার বিভিন্ন দিক নিয়ে আয়োজিত এই কর্মশালায় অংশগ্রহণ করেন মোট ১৫ জন শিক্ষার্থী। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে কর্মশালার শুভ উদ্বোধন হয়। এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণ কুমার বিশ্বাস, যিনি গোবরডাঙ্গা নাট্যায়নের কর্ণধার ও পরিচালক। এছাড়াও উপস্থিত ছিলেন তাপস দাস বাবুপাড়া আত্মজ নাট্য সংস্থার কর্ণধার ও পরিচালক এবং গোবরডাঙ্গা আকাঙ্ক্ষা নাট্য সংস্থার অভিনেতা ও তরুণ পরিচালক দীপাঙ্ক দেবনাথ।
চারদিনের এই কর্মশালায় মূলত বাচনভঙ্গি এবং শরীরবৃত্তীয় কাজের উপর বিশেষ জোর দেওয়া হয়। অভিনয়ের ক্ষেত্রে সংলাপ উপস্থাপনা, কণ্ঠস্বরের ব্যবহার, দেহভঙ্গি, মঞ্চে চলাফেরা এবং শরীরী অভিব্যক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয় অংশগ্রহণকারীদের। নাটকের প্রাথমিক শিক্ষাকে আরও সুসংহত করে তুলতেই এই কর্মশালার আয়োজন করা হয় বলে জানান উদ্যোক্তারা। এই প্রসঙ্গে তনুশ্রী দেবনাথ (দত্ত), সংস্থার সম্পাদিকা বলেন, “নাট্য কর্মশালাই নতুন শিল্পী প্রস্তুতের প্রধান হাতিয়ার। তাই থিয়েটারের অ-আ-ক-খ ভালো করে জানা এবং আয়ত্ত করা অত্যন্ত প্রয়োজন।”
চারদিনব্যাপী এই কর্মশালা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের কাছে যেমন শিক্ষণীয় হয়ে ওঠে, তেমনই গোবরডাঙ্গার নাট্যচর্চার ক্ষেত্রেও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ধরা পড়ে। নতুন প্রজন্মের মধ্যে থিয়েটারের প্রতি আগ্রহ তৈরি ও দক্ষ শিল্পী গড়ে তুলতে এই ধরনের উদ্যোগ আগামীদিনেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছেন নাট্যপ্রেমীরা।


